বাসস
  ২৯ জুন ২০২৬, ০৯:৫৮

বাগেরহাটে কর মেলায় কর পরিশোধে পৌরবাসীর ব্যাপক সাড়া

গতকাল বাগেরহাট পৌরসভার উদ্যোগে পৌর কর মেলা শুরু হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ২৯ জুন, ২০২৬ (বাসস) : বাগেরহাট পৌরসভার উদ্যোগে ব্যতিক্রমধর্মী পৌর কর মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। কর আদায় বৃদ্ধি এবং নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ টাকা। এই লক্ষ্যে কর মেলায় বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া কর পরিশোধ না করা করদাতাদের জন্য ১৫ শতাংশ এবং নিয়মিত কর পরিশোধকারী করদাতাদের জন্য ১০ শতাংশ কর মওকুফের সুযোগ রাখা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই পৌরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে এই বিশেষ সুযোগ কাজে লাগিয়ে তাদের বকেয়া ও নিয়মিত কর পরিশোধ করছেন।

কর পরিশোধ করতে আসা পৌরসভার বাসিন্দা মো. হাসিবুর রহমান বাসস’কে বলেন, ‘পৌর কর্তৃপক্ষ করদাতাদের জন্য যে বিশেষ সুযোগ দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমার মতো অনেকেই এই সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করবেন বলে আমি বিশ্বাস করি। পৌরসভার উন্নয়নের স্বার্থে সকল নাগরিকেরই সময়মতো কর পরিশোধ করা উচিত।’

বাগেরহাট পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দিন বাসস’কে বলেন, ‘পৌরবাসীর ভালো সাড়া পাচ্ছি। ইতোমধ্যে আমরা প্রায় ৩৬ শতাংশ কর আদায় করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য শতভাগ কর আদায় নিশ্চিত করা। শতভাগ কর আদায় হলে পৌরসভার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাও পরিশোধ করা যাবে।’

সচেতন মহল পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কর আদায় বৃদ্ধি পেলে পৌরসভার আর্থিক সক্ষমতা বাড়বে, উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সহজ হবে।

আনুষ্ঠানিকভাবে কর মেলার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, পৌরকর কর্মকর্তা আকুঞ্জি মিল্লাত হোসেন মিলুসহ অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক পৌর করদাতা ও সাংবাদিক।