বাসস
  ২৯ জুন ২০২৬, ০৯:৪৮

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের ৮ জনকে শোকজ

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস। ছবি : সংগৃহীত

নরসিংদী, ২৯ জুন, ২০২৬ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আকস্মিক পরিদর্শনে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস নির্ধারিত অফিস সময়েও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), কানুনগোসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা ৫ মিনিটে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে পৌঁছে অফিসটি তালাবদ্ধ দেখতে পান। সে সময় কেবল অফিসের ঝাড়ুদার উপস্থিত ছিলেন। তাঁর সহায়তায় সিনিয়র সচিব অফিসে প্রবেশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা  হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান সকাল ৯টা ১৯ মিনিটে অফিসে এসে দেরিতে উপস্থিত হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। এরপর সকাল ৯টা ২৪ মিনিটে কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান অফিসে আসেন। সকাল ৯টা ৩৫ মিনিটে সিনিয়র সচিব অফিস ত্যাগ করার সময় একজন অফিস সহায়ককে দেখতে পান। এ সময় অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়াকে অবহিত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি), কানুনগো এবং আরও ৬কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে কেন সুপারিশ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশ প্রাপ্ত অন্য ৬ জন হলেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফা ভূইয়া ও মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মো. মোবারক হোসেন।