শিরোনাম

রাজবাড়ী, ২৬ জুন ২০২৬ (বাসস): মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কর্মসূচি গ্রহণের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ আলোচকরা এ সুপারিশ করেন।
দিবসের এবছরের প্রতিপাদ্য ‘বিশ্বের মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান। রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজবাড়ির সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ সোহেল শেখ, রাজবাড়ীর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কর্মসূচি গ্রহণ করতে হবে। তাদের সচেতন করে তুলতে হবে।
তিনি বলেন, তারুণ্যের শক্তিই বড় শক্তি। তরুণরা সচেতন হলেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। বক্তারা মাদক পাচার ও অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র 'শামীম রেজা' বলেন, ‘মাদক সেবন একটি ভয়াবহ অভিজ্ঞতা, একজন মানুষ কীভাবে সহজেই মাদকের সাথে জড়িয়ে যায়, তা ভাবাই যায়না’।
জেলা মাদক বিরোধী অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, রাজবাড়ী জেলা থেকে গত এক বছরে ৮৯৮টি মাদক বিরোধী অভিযান, ৪১৪ টি মামলা ,৪০০ আসামি গ্রেফতার এবং আলামত হিসেবে ৮৪.৫০০ গ্রাম হেরোইন, ৬১৬১ টি ইয়াবা, ১১ বোতল ফেনসিডিল, ১১৭৫ টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১ টি মোটর বাইক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি এবং পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।