শিরোনাম

সুনামগঞ্জ, ২৫ জুন, ২০২৬ (বাসস : ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে দেশের কৃষি খাতকে আরও গতিশীল এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে শাল্লায় রোপা আমন ধান চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা গণমিলনায়তনে কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়’র সভাপতিত্বে ও উপ—সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বিভুতোষ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল।
এ সময় বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও গতিশীল করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার প্রণোদনা দিচ্ছে। প্রণোদনার সার, বীজ সঠিকভাবে যাতে ব্যবহার করা হয় সেজন্য কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, উপজেলার ৬০০ রোপা আমন চাষীর মাঝে পাঁচ কেজি করে বীজ ধান ও দুই জাতের বিশ কেজি করে সার বিতরণ করা হবে। এছাড়াও ৫০ জন কৃষকের মাঝে বনজ প্রণোদনার আওতায় বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।
এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।