বাসস
  ১৮ জুন ২০২৬, ১৩:৫০

নেত্রকোণায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : জেলার মদন উপজেলায় আজ ভোরে বাড়ির পাশে মাছ ধরার ‘বাইর’ তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব ওই গ্রামের সোনালী মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাছের বাইর (মাছ ধরার জন্য বাঁশের বেত দিয়ে তৈরি এক ধরণের বিশেষ ফাঁদ) তুলতে যান রাজিব। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। যুবকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বাসস’কে জানান, বজ্রপাতে নিহত যুবকের দাফন-কাফনের খরচের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।