বাসস
  ১৮ জুন ২০২৬, ১৩:৪২

নকল বীজ বিক্রির দায়ে রংপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর, ১৮ জুন ২০২৬ ( বাসস): নকল বীজ বিক্রি ও প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অভিযোগে জেলার ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বীজ প্রত্যয়ন অধিদপ্তর গতকাল বুধবার (১৭ জুন) রাতে রংপুর নগরীর সিটি বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নকল বীজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা বীজের প্যাকেটে দামের কারসাজি, বিভ্রান্তিকর তথ্য এবং বিধিবহির্ভূত লেবেলিংয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের বীজ বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও নি¤œমানের বীজ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কৃষকদের যেন প্রতারণার শিকার হতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

নকল ও নি¤œমানের বীজের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকলে কৃষক এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।