বাসস
  ১৮ জুন ২০২৬, ১২:৩৯

লংগদুতে বৃক্ষরোপণ ও আবর্জনা ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ লংগদু জোনে বৃক্ষরোপণ অভিযান ও আবর্জনা ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

রাঙামাটি, ১৮ জুন ২০২৬ (বাসস): জেলার লংগদু জোনে বৃক্ষরোপণ অভিযান ও আবর্জনা ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা জোন সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় ৪(চার) লক্ষ ফলজাত গাছের চারা রোপণ এবং বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়নসহ  আধুনিক ও কার্যকর আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পরিবেশ সুরক্ষায় লংগদু জোনের এই উদ্যোগ স্থানীয় এলাকায় সচেতনতা বৃদ্ধিসহ সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার খান মাহমুদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং হেডম্যান কারবারীগণ উপস্থিত ছিলেন।