বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৫৫

জয়পুরহাটে মেলায় চাকরি পেলেন ৪০ যুবক-যুবতী

ছবি : বাসস

জয়পুরহাট, ১৭ জুন, ২০২৬, (বাসস): তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় আজ বুধবার দিনব্যাপী  পৌর কমিউনিটি সেন্টারে এই মেলার আয়োজন করা হয়।

চাকরির মেলায় সরাসরি অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে ৪০ জন যোগ্য প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত চাকরি লাভ করেছেন।

জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) আয়োজিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে জেআরডিএম-এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেআরডিএম-এর পরিচালক শওকত আলী, মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহিন রেজাসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই ধরনের চাকরি মেলা বেকার যুবকদের জন্য একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতু বন্ধন তৈরি হয়। মেলায় আসা ৪০ জন যুবক-যুবতীর তাৎক্ষণিক কর্মসংস্থান হওয়াটাকে আয়োজকরা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয় এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।