শিরোনাম

কুমিল্লা, ১৭ জুন, ২০২৬, (বাসস): বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান উৎবাতুল বারী আবু।
আজ বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, মহানগর বিএনপির নেতা ভিপি ওয়াসিমসহ গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা কুমিল্লা মহানগর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন।
তারা অভিযোগ করেন, অনেক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। এতে পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সময় কুউক চেয়ারম্যান উৎবাতুল বারী আবু বলেন, গ্যাস মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম একটি সেবা। কুমিল্লার জনগণ দীর্ঘদিন ধরে যে ভোগান্তির মধ্যে রয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং চলমান দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, কুমিল্লার নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা আশা করছি, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ কুমিল্লার গ্যাস সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
তিনি বলেন, সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।