বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৪৬

ফ্যামিলি কার্ডে খুশি গাজীপুরের বদনীভাঙ্গার নারীরা

ছবি : বাসস

গাজীপুর, ১৭ জুন, ২০২৬ (বাসস): জেলার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘বদনীভাঙ্গা’। চারদিকে অরণ্যের নিস্তব্ধতা থাকলেও আজ সেখানে বইছে আনন্দের জোয়ার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প 'ফ্যামিলি কার্ড' পৌঁছে গেছে এই প্রান্তিক জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায়।

আজ বুধবার দুপুর আড়াইটায় উপজেলা বদনীভাঙ্গা হান্নান সেবা সংঘের মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ পাইলটিং কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুু, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া নিজ হাতে শিখিয়ে দিতে মঞ্চ থেকে নেমে কার্ড পাওয়া নারীদের কাছে হাজির হন।

গ্রামীণ সাধারণ নারীরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন, সেজন্য জেলা প্রশাসক কার্ডের ব্যালেন্স কীভাবে চেক করতে হয়, মোবাইল প্রযুক্তির মাধ্যমে কীভাবে নিজের হিসাব নিজে রাখা যায় তা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়ে দেন।

জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে এভাবে সরাসরি ডিজিটাল প্রযুক্তির পাঠ নিতে পেরে গ্রামীণ নারীদের চোখে-মুখে ছিল বিস্ময় ও পরম আত্মবিশ্বাস।

বদনীভাঙ্গার মতো গহীন অরণ্য ঘেরা গ্রামের নারীদের কাছে এই ফ্যামিলি কার্ড কেবল একটি প্লাস্টিকের টুকরো নয়, এটি যেন কঠিন সময়ে সংসার চালানোর এক জাদুকরি ভরসা। 

নতুন কার্ডের পাশাপাশি ব্যালেন্স নিশ্চিত হওয়ার পর উপস্থিত নারীরা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। 

জেলা প্রশাসকের সঙ্গে তাদের এই খুশি ও স্বস্তির হাসি বিনিময়ের মুহূর্তটি ফ্রেমবন্দি হয়ে থাকবে এক মানবিক ও ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্প প্রান্তিক মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ। বদনীভাঙ্গার এই মা-বোনদের মুখের হাসিতেই লুকিয়ে আছে প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধির গল্প।