বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৪২

পটুয়াখালীতে জব্দকৃত চিংড়ির রেণুপোনা নদীতে অবমুক্ত  

ছবি : বাসস

পটুয়াখালী, ১৭ জুন ২০২৬ (বাসস): জেলার দুমকী উপজেলায় আজ অভিযানকালে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত এসব রেণুপোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় দুমকী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানকালে এসব চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা পরিবহনের খবর পেয়ে স্থানীয়রা গাড়িটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি তল্লাশি করেন। এ সময় ট্রাকভর্তি ৪৩ ড্রাম চিংড়ির রেণু জব্দ করা হয়। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত চিংড়ির রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জব্দকৃত চিংড়ির রেণুগুলো পায়রা সেতু সংলগ্ন পায়রা নদীর উন্মুক্ত এলাকায় অবমুক্ত করেন।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।