বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৩৯

সাতক্ষীরায় মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা বিষয়ক সেমিনার 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘পারিবারিক ও দেওয়ানি বিরোধের দ্রুত নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদার এবং মামলাজট হ্রাসে লিগ্যাল এইডের কার্যকর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকেল ৩টায় জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সেমিনাওে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং স্পেশাল মেডিয়েটর মো. শহিদুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাস প্রমুখ।

এ সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. বিএম মিজানুর রহমান (পিন্টু), সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. অসীম কুমার মন্ডল, প্যানেল আইনজীবী অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম গনি দুদু ও অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। 

সেমিনারে বক্তারা বলেন, পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে আদালতের ওপর মামলার চাপ কমানো সম্ভব। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে, দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে এডিআর পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, মামলাজট নিরসন এবং জনগণের জন্য সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।