শিরোনাম

খুলনা, ১৭ জুন ২০২৬ (বাসস): জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে দিনব্যাপী এক কর্মশালা আজ জেলার রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
খুলনার রূপসা উপজেলা প্রশাসন 'জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য করণীয়' শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, খুলনার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
মো.আরিফুল ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তি। একটি শিশুর জন্মের পর নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর যথাসময়ে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক ও হালনাগাদ নিবন্ধন তথ্য সরকারের পরিকল্পনা প্রণয়ন, জনসেবা প্রদান এবং জাতীয় তথ্যভা-ার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সব নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, নিবন্ধক, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সেবার মানোন্নয়নে সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার গতি ও মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম গাজী, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সৌমিক রায়, প্রদীপ কুমার সাহা, মো. শামীমুজ্জামান, শেখ আলমগীর হোসেন, মো. নাছির উদ্দীন প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।