বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:০৪

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

ছবি: বাসস

কুমিল্লা,(দক্ষিণ) ১৭জুন, ২০২৬ (বাসস): জেলার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফ. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার দেশের অভ্যন্তরে নিমসার বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা শাড়িগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফ.কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি  আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।