বাসস
  ১৭ জুন ২০২৬, ১৩:৫৪

রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

রংপুর, ১৭ জুন, ২০২৬ (বাসস) : জুলাই আন্দোলনে আলোচিত মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তারার করেছে তাজহাট থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য বাসস’কে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার আকতারুজ্জামান ভুট্টু রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আকতারুজ্জামান ভুট্টু জুলাই আন্দোলনের সময় নিহত নগরীর পূর্ব ঘাঘটপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে মানিক মিয়া হত্যার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাজহাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।