বাসস
  ১৭ জুন ২০২৬, ১৩:০৩

খুলনায় জ্ঞান মেলা অনুষ্ঠিত

খুলনায় জ্ঞান মেলা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

 

খুলনা, ১৭ জুন,, ২০২৬ (বাসস) : ‘স্বপ্ন দেখো, সাহস করো, করে দেখাও’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো বিভাগীয় এসআরএইচআর (যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার) জ্ঞান মেলা-২০২৬। কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নীতির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার খুলনা শিল্পকলা একাডেমিতে এ মেলার আয়োজন করে দলিত সংস্থা।

‘এসআরএইচআর-এ নীতি ও বাস্তবতার সেতুবন্ধন’ শীর্ষক উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন রেড অরেঞ্জের স্বাস্থ্য ও জেন্ডার পরিচালক খালেদা ইয়াসমিন। 

স্বাগত বক্তব্যে দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস স্থানীয় পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একটি আবেগঘন পর্বে যুব সারভাইভার মল্লিকা দাস বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের অভিজ্ঞতা তুলে ধরে নিজের জীবন সংগ্রামের কথা বলেন। পরে দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শাকিরুন আক্তার খুলনা বিভাগের কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও পরিসংখ্যান নিয়ে একটি মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাইয়েদ মো. মনজুর আলম বলেন, নীতিমালা তখনই কার্যকর হয় যখন তা জবাবদিহিতা ও তৃণমূল পর্যায়ের বাস্তবায়নের সঙ্গে সংযুক্ত থাকে।

বিশেষ অতিথি বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, সরকারি সেবার পরিধি বাড়লেও তরুণদের সুরক্ষায় কমিউনিটি পর্যায়ের সচেতনতা বৃদ্ধি জরুরি।

মেলার প্রথম প্লেনারি অধিবেশনে ‘মাসিক-বান্ধব পৃথিবীর জন্য একসঙ্গে’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণকারীরা মাসিক নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে কাঠামোগত পরিবর্তন, পর্যাপ্ত সম্পদ বরাদ্দ এবং সরকারি উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় জান্নাতুল নায়মা নাফসি,প্রান্ত দাস, সাবরিনা আক্তার শান্তা ও নূরজাহান নিপা বক্তব্য দেন।

দ্বিতীয় প্লেনারি অধিবেশনে ‘আর নয় বাল্যবিবাহ’ শীর্ষক আলোচনায় বাল্যবিবাহের সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং এর ঝুঁকি নিয়ে মতবিনিময় হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন। 

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, কঠোর আইন প্রয়োগ, শিক্ষার প্রসার এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তৃতীয় প্লেনারি অধিবেশনে কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়। 

বক্তারা বলেন, কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সেবা বিভাগ এবং যুব নেটওয়ার্ককে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সমাপনী অধিবেশনে ‘কণ্ঠস্বর থেকে কর্ম : এসআরএইচআর-এ খুলনা ঘোষণার রূপায়ণ’ শীর্ষক অধিবেশনে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। রেড অরেঞ্জের শেয়ার-নেট প্রকল্প কর্মকর্তা আরুজা ইসলাম সিফাত অংশগ্রহণকারীদের প্রণীত সুপারিশমালা তুলে ধরেন। পরে সরকারি প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে সাতটি ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী স্টলে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উদ্যোগ, শিক্ষামূলক উপকরণ এবং কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রম তুলে ধরা হয়। ‘স্বাস্থ্য হোক সবার, অধিকার হোক নিশ্চিত’ শীর্ষক পটগান পরিবেশনের মধ্য দিয়ে জ্ঞান মেলার সমাপ্তি ঘটে।