শিরোনাম

গাইবান্ধা, ১৭ জুন, ২০২৬ (বাসস): সুন্দর পরিবেশ রক্ষায় বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সরকারের ২৫ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করতে জেলার সাঘাটা উপজেলার অধীনস্থ কচুয়া ইউনিয়ন পরিষদ গতকাল মঙ্গলবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
ইউপি চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে চারাগাছ রোপণের মাধ্যমে পরিষদের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ইউপি চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ৫ বছরের মধ্যে দেশজুড়ে ২৫ কোটি চারাগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।
সরকারের এই কর্মসূচিকে সফল করতে ইউপি এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ বছরে রাস্তার দুই পাশে, খোলা জায়গায় এবং বাড়ির চারপাশের এলাকায় কাঠ, ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।
তিনি গাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য রোপিত চারাগুলোর যথাযথ যত্ন নেয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বহু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।