শিরোনাম

মেহেরপুর, ১৭ জুন, ২০২৬ (বাসস) : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে একটি চা স্টলের সামনে আজ ভোরে রহস্যজনক লাল রঙের কৌটা ও বিএনপি নেতাদের উদ্দেশে লেখা হুমকি সম্বলিত একটি চিঠি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার ভোরে উপজেলার মটমুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের চা স্টলের সামনে এসব দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়।
চা স্টল মালিক শরিফুল ইসলাম জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি লাল রঙের কৌটা এবং একটি হাতের লেখা চিঠি দেখতে পান। চিঠিতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য লেখা ছিল বলে তিনি দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌটা ও চিঠিটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ কৌটাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।
তবে কে বা কারা এ চিঠি রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেদ মোর্শেদ বাসস’কে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া চিঠি ও কৌটার উৎস শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে এটি কারও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।
এদিকে রহস্যজনক এ ঘটনার পর মটমুড়া গ্রামে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।