শিরোনাম

খুলনা, ১৬ জুন ২০২৬ (বাসস) : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন।’
চেয়ারম্যান আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি'র নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।