শিরোনাম

নেত্রকোণা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।
প্রধান অতিথি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধি পায়। দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্যাশলেস ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি গ্রাহকদের ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো গ্রহণের মাধ্যমে স্মার্ট অর্থনীতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
কলমাকান্দা উপ-শাখার উপ-শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক নেত্রকোণা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ আজহারুল ইসলাম এবং এডিসি জোনাল ইনচার্জ স্বপন বর্মন।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন রেজাউল ইসলাম মণ্ডল (লিটু), মো. আলমগীর তালুকদার ও আব্দুল বারেক খোকন মিয়া।
সভা শেষে অংশগ্রহণকারীরা ক্যাশলেস বাংলাদেশ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের গ্রাহক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।