বাসস
  ১৫ জুন ২০২৬, ১৫:৪৭

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোর ৫ টার দিকে সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানার কামারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে একটি দল স্থানীয় বাসিন্দা মো. আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে তল্লাশি চালায়। এসময় বাগানের মাটিতে পুতে রাখা একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।