বাসস
  ১৫ জুন ২০২৬, ১৫:৩৪
আপডেট : ১৫ জুন ২০২৬, ১৬:২১

নড়াইলে বিশ্বকবি এবং জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত

ছবি: বাসস

নড়াইল, ১৫ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিশু একাডেমি নড়াইল আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি,সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে|

সোমবার বেলা ১২টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন| এ সময় নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছা, সৌরভ ব্যানার্জী, মোহাম্মদ মহিউদ্দীন, শিশু বিকাশের শিক্ষক সোনিয়া আফরীন ও প্রাক-প্রাথমিকের শিক্ষক জেসমিন আরা প্রমুখ উপস্থিত ছিলেন|

জেলা শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোনো কবিতা প্রতিযোগিতা এবং শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দু’টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোনো সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়|

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন জানান, কোনো ফি ছাড়াই শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশে ও  প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী ভর্তিসহ পাঠদান করা হয়ে থাকে| শিশু একাডেমি কার্যালয়ে শিশুদের পাঠদান ছাড়াও চিত্রাংকন, আবৃত্তি, নাচ, গান ও তবলা বাজানো শেখানো হয় বলে তিনি জানান|