শিরোনাম

দিনাজপুর, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার ঘোড়াঘাট উপজেলায় পুকুরে ডুবে নবীর হোসেন নামে দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জেলার ঘোড়াঘাট থানার ওসি পরিদর্শক মো. শহিদুল ইসলাম শিশু নবীর হোসেনের মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল ৯টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের দক্ষিণাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নবীর হোসেন ওই উপজেলার সাগরপুর গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলীর পুত্র।
নিহত নবীর হোসেনের পিতা মোহাম্মদ আলী বলেন, বাড়ি সংলগ্ন একটি পুকুরে পালা হাঁস দেখতে ও খাবার দিয়ে বাড়িতে ফিরে এসে দেখি শিশু নবীর ঘরে নেই। ভেবেছিলাম আশপাশেই খেলছে। পরে পরিবারের সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে নবীরের বড় ভাই নাইম ইসলাম বাড়ি সংলগ্ন পুকুরে ছোট ভাই নবীরকে ভাসতে দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টায় চিকিৎসক শিশুটিকে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জেলার ঘোড়াঘাট থানার ওসি পরিদর্শক শহিদুল ইসলাম বাসস’কে জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।