শিরোনাম

খুলনা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জলবায়ু সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বেসরকারি প্রতিষ্ঠান ‘আপস যুব সংগঠন’ এ ক্যাম্প এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল সরকার বা উন্নয়ন সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রেদওয়ানুল রুহান সকল অংশগ্রহণকারী, অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসঙ্গে কাজ করলেই একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’
ক্লাইমেট ক্যাম্পে সিগনেচার ক্যাম্পেইন, জলবায়ু বিষয়ক জারিগান, পটগান, সচেতনতামূলক পথনাটক এবং উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পরিবারভিত্তিক উদ্যোগের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেছে ‘দ্য আর্থ সোসাইটির ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্ম’ এবং ট্যুরিজম পার্টনার হিসাবে ছিল ফেমাস ট্যুর বিডি।
আয়োজকরা ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।