বাসস
  ১৫ জুন ২০২৬, ১৩:৪২

গুজব-অপপ্রচার রোধকল্পে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা 

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।ছবি: বাসস

ঝালকাঠি, ১৫ জুন, ২০২৬ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ঝালকাঠিতে আজ এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মো. সাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আক্কাস সিকদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন।

সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তিনির্ভর যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সামাজিক সম্প্রীতি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। এ ধরণের অপপ্রচার প্রতিরোধে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণ সম্ভব।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।