শিরোনাম

রাজশাহী, ১৫ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৭ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগ ও রেঞ্জের ৮৪ জন পুলিশ কর্মকর্তা ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী এক আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনসের পিওএম কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় জেন্ডার-সংবেদনশীল পুলিশিং,সাইবার নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। তিনি নারী কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘পেশার প্রতি আন্তরিক দায়বদ্ধতা ও অঙ্গীকারবোধ ছাড়া কাক্সিক্ষত কর্মদক্ষতা অর্জন সম্ভব নয়। পাশাপাশি নারী কর্মকর্তাদের জন্য উপযুক্ত ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অর্থ) আতিয়া হুসনা বলেন, ‘বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে। বর্তমানে পুলিশ বাহিনীতে প্রায় ১৮ হাজার নারী সদস্য কর্মরত আছেন। তাঁদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পেশাগত সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে বিপিডব্লিউএন শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করছে।’
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি লায়লা জাসমিন বানু বিপিডব্লিউএন-এর কর্মকা-ের প্রশংসা করে বলেন, ‘এই নেটওয়ার্কটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। সমষ্টিগত প্রচেষ্টায় এবং আগের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২০২৭ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।’
কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিপিডব্লিউএন প্রতিনিধিরা কর্ম-জীবনের ভারসাম্য, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তি-সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া ইউএন উইমেনের প্রতিনিধি জেন্ডার-সংবেদনশীল পুলিশিং এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করেন।