শিরোনাম

রংপুর, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক উপলক্ষ্যে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ (আরএসএসপি) শুক্রবার রাতে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা করা হয়। সভাপতিত্ব করেন আরএসএসপি'র সহ-সভাপতি সুনীল সরকার।
‘মোরা ঝন্ঝার মত উদ্দাম’ এবং ‘ম্লান আলোকে ফুটলি কেন’ এই দুটি নজরুল সঙ্গীতের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন আরএসএসপি'র সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এবং কবি ওয়াল্ট হুইটম্যানের 'সং অফ মাইসেলফ' নিয়ে তুলনামূলক আলোচনা করেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু এবং বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
সম্পূরক আলোচনা করেন লেখক শ ম আমজাদ হোসেন সরকার ও মুহাম্মদ হানিফ।
কাজী নজরুলের বিদ্রোহী, কুলি মজুর, বাদল রাতের পাখি, নারী, জীবন বন্দনা ও সংকল্প কবিতার আবৃত্তিতে অংশ নেন নারায়ন চন্দ্র বর্মা, আব্দুছ ছালাম, মেহেদী মাসুদ, মহসীনা আক্তার মুক্তা, পূর্ণিমা রাজ এবং আশাবরী।
নিবেদিত কবিতা পাঠ করেন, আরএসএসপি'র উপদেষ্টা কবি আতাহার আলী খান ও কবি আফজাল হোসেন।
নজরুল সঙ্গীত পরিবেশন করেন আরএসএসপি'র উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, সাবেক সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বপন কুমার পাল, আমিনুল ইসলাম হারুন, মল্লিকা শর্মা, জি এস বাপ্পন ও নূরুল ইসলাম মোল্লা।
নজরুল সঙ্গীতের দলীয় পরিবেশনায় অংশ নেন প্রিয়ন্তী রায়, তাথৈ স্যানাল, দোয়েল, শুভশ্রী রায়, সুসান্তিকা রায়, বর্ণ রায় ও দ্বীপ দাস।
তবলায় সঙ্গত দেন আমজাদ হোসেন সরকার।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরএসএসপি'র সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।