বাসস
  ১২ জুন ২০২৬, ১২:০১

নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

নেত্রকোণা, ১২ জুন, ২০২৬, (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মো. নুর আলম (২৮) উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।
এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, উপজেলার মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়া হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) ও বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কলমাকান্দা বাজারের উদ্দেশে রওনা দেয়।

রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ধানবোঝাই একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এ সময় ভেতরে থাকা চার যাত্রীই গুরুতর যখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। 

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, রাতের বেলায় এই সড়কে ভারী যানবাহনগুলো—বিশেষ করে বালু ও মালবাহী ট্রাকগুলো চরম বেপরোয়া গতিতে চলাচল করে। 

এর ফলে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা এই সড়কে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। 

তবে দুর্ঘটনার পরপরই অন্ধকারের সুযোগ নিয়ে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত আছে।