শিরোনাম

বগুড়া, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার শেরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুন বেওয়া উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল বুধবার (১০ জুন) রাতে কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় চলাচলের সময় একটি ট্রলি আমিরুন বেওয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, ট্রলিটিতে কোনো হেডলাইট ছিল না। ট্রলিটি অন্ধকারে দ্রুতগতিতে চলাচল করায় আমিরুন বেওয়া দুর্ঘটনার শিকার হন। তারা অবৈধ ও নিরাপত্তাহীনভাবে চলাচলকারী ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।