শিরোনাম

ফেনী, ১১ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।
গত রাত প্রায় ২টার দিকে মহাসড়কের ভোজন বাড়ি রেস্তোরাঁর সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,ট্রাকের চাকা ফেটে গেলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্রাকে থাকা চালক-হেলপারসহ ৯ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৪০) ও হেলপার রাকিব হোসেনকে (১৮) মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলমের বাড়ী কুমিল্লার তিতাস উপজেলার দুখিয়ার কান্দি এলাকায় এবং রাকিব হোসেনের বাড়ী কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর এলাকায়।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী দুর্ঘটনায় ২জন নিহত ও ৭ জন আহত হওয়ার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি বাসস’কে বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’