শিরোনাম

দিনাজপুর, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার বোচাগঞ্জের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার রাত ৯টায় জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মিল রোর্ডের মো. আফছার আলীর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি একটি মামলায় জামিনে থাকা অবস্থায় গত ৯ জুন মঙ্গলবার দিনাজপুর আদালতে হাজিরা দিয়ে দীর্ঘদিন পর মিল রোর্ডের নিজ বাড়ীতে অবস্থান করছিলেন।
আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মিজানুর রহমান। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুর শহরে জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় তার বিরুদ্ধে পিবিআই পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে। ওই চঞ্চল্যকর হত্যা মামলায় আদালত থেকে তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দিনাজপুর শহরের কাচারি এলাকা থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ৯ আগস্ট মৃত্যু বরণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় পিবিআই পুলিশ তদন্ত করে অন্যান্য আসামীদের সাথে মো. আফছার আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র পেশ করেন। ওই মামলার আদালত থেকে ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানার বলে গতকাল বুধবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২০২৪ সালের ১৭ আগষ্ট বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ জানিয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো. আফছার আলী থানায় মামলা করতে গিয়েছিলেন। একই সময়ে থানায় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি দল। এ সময় বোচাগঞ্জ থানা কমপ্লেক্সে কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে তাকে ঘিরে ফেলেন। তখন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দিতে বাধ্য করেছিলেন। পরে শিক্ষার্থীদের করা একটি মামলায় থানা চত্বরে পুলিশ মো. আফসার আলীকে গ্রেপ্তার করে। সেই মামলায় জামিনে বেরিয়ে আত্ব্যগোপনে ছিলেন তিনি।
গতকাল বুধবার আদালতে হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফিরে অবস্থানকালীন সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিচারকের নির্দেশে পরবর্তী কার্যক্রম নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।