বাসস
  ১০ জুন ২০২৬, ১৫:২৫

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ, ১০ জুন, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। 

আব্দুল কাদির জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দ’ুজনেই সপরিবারে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন।

ঘটনাস্থলে দায়িত্বরত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বাসস’কে বলেন, ‘নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ডাম্পট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় দু’জনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এই বিষয়ে বাসস’কে বলেন, নিহতদের মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বাসস’কে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দুইজনের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।