বাসস
  ১০ জুন ২০২৬, ১৪:৪৫

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 

প্রতীকী ছবি

রাজশাহী, ১০ জুন, ২০২৬ (বাসস) : জেলার পবা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওশাদ (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পবা থানার আলাইবিদিরপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের পুত্র এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল সকাল  সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫ থেকে ৪০ জন ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি নওশাদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।