শিরোনাম

ঝালকাঠি, ১০ জুন. ২০২৬ (বাসস) : ঝালকাঠিতে ইলিশ সম্পদের সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোধ বরণ জয়ধর, ঝালকাঠি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম, জেলা ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির সভাপতি কে এম জহিরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় মাছ ইলিশ দেশের অর্থনীতি, পুষ্টি ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। জেলেদের সচেতনতা বৃদ্ধি, অভয়াশ্রম সংরক্ষণ, আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ইলিশ দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ। ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে জাটকা রক্ষা, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।