বাসস
  ১০ জুন ২০২৬, ১৩:৩১

দুর্বৃত্তরা কেড়ে নিয়েছে ব্যবসায়ীর নগদ টাকা, মোবাইল

মঙ্গলবার রাতে এই ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেনব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১০ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালীতে টর্চের আলোয় মরিচ গুঁড়ো ছুঁড়ে ব্যবসায়ীর নগদ টাকা এবং মোবাইল কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেনব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)। 

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন ব্যবসায়ী গৌতম।

বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে রয়েছে তার লোকনাথ ক্লথ স্টোর নামের কাপড়ের দোকান। এই দোকানে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন।

উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা গৌতম চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। তখন রাত প্রায় সাড়ে ১২টা। গাড়ি থেকে নেমে হেঁটে সারোয়াতলী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছলে দুই যুবক চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে গতিরোধ করে। এসময় মুখে মরিচের গুঁড়ো ছুঁড়ে এবং ভারী কিছু দিয়ে আঘাত করতে থাকে। এ সময় সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং ১৮হাজার টাকা দামের তিনটি মোবাইল সেট কেড়ে নিয়ে যায়। ওই যুবকদের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে। তারা রাস্তার পাশে ঝোঁপের আড়ালে ওঁৎ পেতে ছিল।

আতঙ্কে থাকা এই ব্যবসায়ী বলেন, দীর্ঘদিনের চেনা পথ হঠাৎ করেই অচেনা হয়ে গেল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহফুজুর রহমান বাসস’কে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।