বাসস
  ১০ জুন ২০২৬, ১২:৪৮

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

ছবি : সংগৃহীত

গাইবান্ধা, ১০ জুন, ২০২৬ (বাসস) : জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ও এর পার্শ্ববর্তী এলাকার জমিতে নির্মিত ৮১টি ব্যবসা প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে।

এরমধ্যে একই দিন সদর উপজেলার ভেড়ামারা রেলওয়ে সেতুর জমিতে নির্মিত আরও ৩১টি প্রতিষ্ঠানও উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগ জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বাসস’কে বলেন, স্থানীয় প্রভাবশালী মহলের একটি অংশ বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করে বেআইনিভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।

বারবার নোটিশ দেয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোর মালিকরা রেলওয়ের জমি থেকে তাদের প্রতিষ্ঠান সরাননি।

পরে, রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার নালডাঙ্গা রেল স্টেশন এলাকা এবং ভেড়ামারা সেতু এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এই বিভাগের অধীনে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হবে।