শিরোনাম

মুন্সীগঞ্জ, ১০ জুন, ২০২৬ (বাসস ) : মুন্সীগঞ্জ পৌরসভা আগামী ৬ মাসে ২ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান সরকারের ৫ বছরে (২০২৬-২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ পৌরসভা এই কর্মসূচি গ্রহণ করেছে।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন মো. আমিরুল হক পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৫টি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বাসস’কে জানান ৬ মাসে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পৌর এরাকায় বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, খোলা স্থান, জনসাধারণের ব্যবহৃত এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষে মুন্সীগঞ্জ পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করেছে।