শিরোনাম

শেরপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আজ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেরায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)’ -এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে শেরপুর জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারি কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে সাধারণ মানুষের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনগণমুখী করতে সংশ্লিষ্টদের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।