শিরোনাম

চাঁদপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : স্থবির হয়ে পড়া চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক কর্মকান্ডের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।
প্রধান অতিথি বলেন, আগামী ১২ জুন থেকে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকা- আরও গতিশীল হয়ে উঠবে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানসহ তিন দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সেমিনারে সাংস্কৃতিক কর্মকা-কে আরও গতিশীল করতে শিল্পকলা একাডেমি ভিত্তিক সাংস্কৃতিক চর্চা বাড়ানো, প্রাথমিক বিদ্যালয় ও পাড়া মহল্লা ভিত্তিক নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করাসহ নানা ধরনের প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।
এর আগে ‘সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক কর্মকান্ডের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক সংগঠক লিটন ভুইয়া। এ বিষয়ে আলোচনা করেন সাংস্কৃতিক সংগঠক রফিক আহমেদ মিন্টু।
এ মুক্ত আলোচনায় অংশ নেন নাট্য শিল্পী শরীফ চৌধুরী, রবীন্দ্র সংগঠক ফারুক আহম্মদ, সাংবাদিক রহিম বাদশা, আলম পলাশ, এম আর ইসলাম বাবু, শাওন পাটোয়ারী, কণ্ঠশিল্পী মৃনাল সরকার, চিত্র শিল্পী অভিজিত রায়, কণ্ঠ শিল্পী বিচিত্রা সাহা, রুমা সাহা প্রমুখ।