বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:০৫

লক্ষ্মীপুরে ডাকাতিয়া সংযোগ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার রায়পুর উপজেলায় আজ ডাকতিয়া নদীর সংযোগ খালের দু’পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী ব্রীজ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের বংশী ব্রীজ এলাকায় ডাকাতিয়া নদীর সংযোগ খালের দুইপাড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খাসেরহাট বাজার পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৬১টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। 
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র জানান, রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের বংশী ব্রীজ এলাকায় ডাকাতিয়া নদীর সংযোগ খালে ৩টি ব্রীজসহ মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার জানান, উপজেলার তিনটি ইউনিয়নে খাল পুনঃখননের কাজ চলছে। এ কাজের অংশ হিসেবে উচ্ছেদ নথি সৃজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে নোটিশ দেয়া হয়েছিলো।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।