শিরোনাম

দিনাজপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযান ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফ উজ-জামান প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকার বড়গ্রামে মাদক বিরোধী অভিযানে এসব ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা মাদক দ্রব্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মাদক কারবারিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে মাদক দ্রব্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারিরা ভারত সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেট গুলোর মূল্য ২ লাখ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলার ফুলবাড়ী বডার গার্ড ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ-উজ-জামান বাসস’কে জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।