বাসস
  ০৯ জুন ২০২৬, ১৩:২৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

গোপালগঞ্জ, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ শেখ (৩৫) নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট সেবা গ্রীনলাইন ফিলিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের হেলপার মাসুদ শেখ গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে মুকসুদপুর থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করে। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।