শিরোনাম

টাঙ্গাইল, ৯ জুন, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপের ড্রাইভার জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), হেলপার নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) ও ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের আরোহী।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।