বাসস
  ০৮ জুন ২০২৬, ১৬:৩৬

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর, ৮ জুন, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা আশ্রাফুজ্জামান রাসেল (৩৬), রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান হোসেন (৫২) এবং রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব খান ফাহিম। গত শনিবার (৬ জুন) দিবাগত রাতে  এবং রোববার (৭ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

রামগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের আরেক অভিযানে  রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলাম আরজু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম (৫৩) এবং যুবলীগের নেতা মো. রুবেল হোসেন (৩১)কে গ্রেফতার করা হয় ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, জেলা জুড়ে পুলিশের অভিযান চলছে। যেন অপরাধীরা কোন ধরনের নাশকতা ও সহিংসকতা করতে না পারে, সে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দুইদিনে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।