বাসস
  ০৮ জুন ২০২৬, ১১:২৯
আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:০১

ভেজাল মাংস বিক্রির অভিযোগে বাগেরহাটে ২ বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাট, ৮ জুন, ২০২৬ (বাসস) :  রামপালে ভেজাল গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করে এই দ-াদেশ দেন। অভিযুক্তরা হল-রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) ও বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)।

এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, ফয়লাবাজারে ভেজাল গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো। এ সময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।