বাসস
  ০৭ জুন ২০২৬, ১৪:০৯

ধোবাউড়ায় ট্রাকের ভারে বেইলি ব্রিজ ধসে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: বাসস

ময়মনসিংহ, ৭ জুন ২০২৬ (বাসস): জেলার ধোবাউড়া উপজেলার আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকের ভারে ধসে পড়েছে। এতে বালুবোঝাই ট্রাকটিও নদীতে পড়ে যায়। ব্রিজটি ধসে পড়ায় ওই সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। জনসাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় অতিরিক্ত ওজনে ব্রিজটি ধসে পড়ে। এসময় ট্রাকের হেলপার আহত হলেও প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় কর্মস্থলেগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

ধোবাউড়া উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরাতন। ভারী যান চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 
‎‎
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, বালু ভর্তি ট্রাকের চাপে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ায় বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে ইতোমধ্যে মেইনটেইনেন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আশা করছি তারা খুব দ্রুত সময়ে ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেবেন।