বাসস
  ০৬ জুন ২০২৬, ১৫:৩৬

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধী জনসচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি: বাসস

গাইবান্ধা, ৬ জুন ২০২৬ (বাসস): ডেঙ্গু ও এর নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্যে আজ সকালে জেলায় এক  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসন এই শোভাযাত্রার আয়োজন করে।

গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, জেলাকে ডেঙ্গুমুক্ত করতে জনগণের মধ্যে ডেঙ্গু ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি প্রয়োজন। এর প্রেক্ষিতেই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন এবং সিভিল সার্জন ড. রফিকুজ্জামান।

মো. জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। সবাই যদি নিজেদের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখেন, তাহলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ডেঙ্গুবাহী মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার ওপর জোর দেন। তিনি বলেন, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিতে হবে। ফুলের টব, ক্যানের খোল ও টায়ার নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ এই  শোভাযাত্রায় অংশ নেন।