শিরোনাম

খুলনা, ৬ জুন, ২০২৬ (বাসস) : খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানা ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১১ জন, লবণচরা থানা ১০ জন, হরিণটানা থানা ১ জন, খালিশপুর থানা ১৩ জন, দৌলতপুর থানা ১ জন, আড়ংঘাটা থানা ২ জন, খানজাহান আলী থানা ৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।