বাসস
  ০৬ জুন ২০২৬, ১২:০১

 ফেনীতে ডেঙ্গু শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজ সকালে জেলায় অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ফেনী, ৬ জুন, ২০২৬ (বাসস) : ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজ সকালে জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

শোভাযাত্রাটি হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার, ড্যাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল এবং ফেনীর আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রুকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মনিরা হক বলেন, করোনার মতো ডেঙ্গুর কোন ভ্যাকশিনেশন নেই। ফলে আমাদের ডেঙ্গু ঠেকাতে গেলে প্রতিরোধমূলক কার্যক্রমে যেতে হবে। আমাদের আশপাশে জমে থাকা পানি এডিস মশার জন্য সুইটেবল। আমাদের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। তাই চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের পরিবারগুলোকেও সচেতন হতে হবে। সরকারি উদ্যোগে আমরা কাজ করছি। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’