শিরোনাম

সাতক্ষীরা, ৬ জুন ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ এক্সপার্ট চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (৫জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার পুত্র ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার আত্মীয় সুশান্ত (৪০) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলারটি মাটির নিচে বসানো ছিলো। রাতে এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাই বাছাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভিতর রাখা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় । এসময় ভোলানাথ সানার বসতবাড়ি থেকে পিলারসহ উক্ত চার জনকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা করা হচ্ছে এমন খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে সীমানা পিলারসহ চার জনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, থানায় জিজ্ঞাসাবাদ শেষে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।